নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে,
সাধকজনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
সারমর্ম (i):
নিন্দুক সর্বদা মানুষের নিন্দা করে বেড়ায়। তারা বিনামূল্যে মানুষের ভুল-ত্রুটি দেখিয়ে দেয়। যার ফলে মানুষের ভুল-ত্রুটি সংশোধন হয়। নিন্দুকের নিন্দাবাণী মানুষকে নিজের সম্পর্কে সচেতন করে এবং ভালো মানুষ রূপে গড়ে উঠতে সাহায্য করে। তাই নিন্দুক মানুষের পরম বন্ধু।
সারমর্ম (ii):
নিন্দুক অপরের কুৎসা রটনা করে ঘুরে বেড়ায়। এটাই তার স্বভাব। তাই বলে নিন্দুককে ঘৃণা করা উচিত নয়। সে-ই আমাদের পরম বন্ধু। কেননা, তার কুরটনার ভয়ে আমরা যে কোন দোষণীয় কাজ থেকে বিরত থাকতে সচেষ্ট হই।
Comments
Post a Comment